Friday, September 13, 2013

ব্যর্থ পূর্ণিমা

আমি বহুদিন ধরে,
বুকের জমাট দুঃখ পাজরের ভেতরে লুকিয়ে রেখে
বসে আছি বড় আশা করে।
কোন এক পূর্ণিমার রাতে,
হবে হয়তো এমনই এক চাঁদময় রাতে
আমার সকল কান্না শুষে নেবে মায়াবী আঁধার
জমে থাকা কষ্ট সব গলে গিয়ে মিশে যাবে আর
ভেসে যাবে কোমল সে আলোকের স্রোতে!

প্রতিমাসে একবার,
সন্ধ্যার আকাশে চেয়ে খুঁজে ফিরি
উঠল কিনা দুঃখহারী হাসিমাখা চাঁদ।
কত মাস কেটে যায়,
ছোট চাঁদ বড় হয়ে ফের ছোট হয়!
নরম রূপার চাঁদ আলোর অশ্রু ঢেলে হাহাকার করে
বলে ওঠে, "কাঁদ, তুই কাঁদ!"

No comments:

Post a Comment